দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে উদ্ধার করেছে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল।
শনিবার (২৮ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি আটকে পড়ে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার ও নৌপুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামে আরেকটি লঞ্চে স্থানান্তর করা হয়।
নৌপুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
দৌলতদিয়া নৌ থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘ট্রিপল নাইন থেকে খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের অন্য একটি লঞ্চে স্থানান্তর করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।’
এমএম/